আড়ালে জীবন

এস. এম. মাহবুব মুর্শেদ


মেঘের আড়ালে চলে গেলে চাঁদ
জীবনের এই বিফলতা গুলো
বুকের বেদনা টুকরো দুঃখ
সব লাগে বিস্বাদ।
   
বইয়ের কালো মলাটের মতো
রাতের আকাশে, প্রম্পটারের
মতো করে চাঁদ আড়ালেই থেকে
পড়ে চলে জীবন।
   
হাহাকার শুনে সত্যি অর্থহীন
মনে হয় সব। সির্দ্ধাথের
মতো যদি চলে যাওয়া যেত
কোথায় - অনিকেত।
 
কিন্তু তবুও আদি সত্য এই, যে -
অর্থহীন হয়ে পড়ে সব -
সির্দ্ধাথের মতো গৃহত্যাগী,
রবি গুরুর মতো নিশ্ছিদ্র সংসারী,
কিংবা অ্যালেনের মতো বোহেমিয়ান হওয়া;
যখন পুরোনো দুঃখের তোড়ে
ভেসে যায়
কবিতার লাইন, ছত্র, দাঁড়ি, কমা, সেমিকোলন
ভেসে যায় ছন্দ,
পয়ার কিংবা মুক্তক।
 
তখন থাকে শুধু
প্রিয় লেখকের খটখটে অজল গদ্য
যার পদবিহীন দেহ আজ মাটির শরীরে
বৃষ্টির ঘ্রান শোঁকে

১৮ ই অগাস্ট ১৯৯৭